LATEST
Pacing’s superstars light up Addington on special night সমাজভাবনা ও রাষ্ট্রচিন্তায় আবুল কাসেম ফজলুল হকের অবদান নিয়ে আলোচনা সভা ৪৪ বছর আগের বাংলা গান নিয়ে বিশ্বজুড়ে কেন এতো আলোচনা? ‘Stuff you, Michael Laws’: Nicola Willis on that election-night ‘freedom dress’ প্রথম সন্তানের মা হলেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা বাস-ট্রেন-মোটরসাইকেলের সংঘর্ষে একদিনে ঝরল ৮ প্রাণ মাত্র ২৬ রানে অলআউট নেপাল! ৩০৬ রানের পাহাড়সম জয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিল ভারত পর্তুগালে ‘বাজার ডিপ্লোমাটিকো’তে তুলে ধরা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি
Top News

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর

গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর

গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ভোরে মুসাদ্দিকের বাড়িতে আগুন দেওয়া হয় আর দুপুরের দিকে ভাঙচুর ও লুটপাট করা হয়। ঘটনার পর মুসাদ্দিককে ফোন করে খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

ঘটনার বিষয়ে মুসাদ্দিক আলী আজ রাতে প্রথম আলোকে বলেন, তাঁর পরিবার ঢাকায় থাকে। তবে প্রায়ই গ্রামের বাড়িতেও যায়। তাঁর মেজ ভাই কয়েক বছর ধরেই গ্রামের বাড়িতে থাকছেন। তাঁর বাবা প্রতি সপ্তাহেই ঢাকা থেকে এলাকায় যাওয়া–আসা করেন। গত এক সপ্তাহ ধরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাঁর বাড়ি আক্রমণের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালাচ্ছিল। সেটি দেখে তিনি বাবাকে আপাতত গ্রামের বাড়িতে যেতে নিষেধ করেন। আগুন দেওয়ার সময় বাবা–মা সেখানে না থাকলেও বাড়িতে তাঁর ফুপুসহ আত্মীয়স্বজন ছিলেন।

আঁচ করতে পেরে হামলার এক-দুই মিনিট আগে বাড়িতে থাকা আত্মীয়স্বজনেরা নিরাপদ দূরত্বে সরে যান বলে জানান ডাকসু নেতা মুসাদ্দিক আলী। তিনি অভিযোগ করে বলেন, ‘সাবেক অবৈধ সরকারের মন্ত্রী কর্নেল (অব.) ফারুক খানের নির্দেশে মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ আমার বাড়িতে আগুন দিয়েছে। মুকসুদপুর থানাও তারা পুড়িয়ে দিয়েছে। ফলে সেখানে আইনি ব্যবস্থা চাওয়ারও সুযোগ নেই। সরকারের ওপরও ভরসা নেই।’

ডাকসুর প্রতিবাদ, জামায়াত আমিরের ফোন

মুসাদ্দিকের বাড়িতে হামলাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়েছে ডাকসু। বিকেলে ডাকসুর সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুসাদ্দিকের পৈতৃক বাড়িতে অগ্নিসংযোগের আগে মুসাদ্দিকের বাড়ি মনে করে প্রথমে তাঁর ফুপুর বাড়িতে আগুন দেওয়া হয়। পরে তাঁর পৈতৃক বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। আওয়ামী লীগের সন্ত্রাসীরা কয়েক দিন ধরেই মুসাদ্দিকের বাড়িতে হামলার উসকানি দিয়ে আসছিল। হামলার আশঙ্কায় বিষয়টি একাধিকবার প্রশাসনকে অবহিত করা হলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।

ডাকসুর সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক ইবনে আলী মোহাম্মদ

মুসাদ্দিকের বাড়িতে অগ্নিসন্ত্রাস ও লুটপাটের ঘটনাকে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের আরেকটি ন্যক্কারজনক দৃষ্টান্ত হিসেবে আখ্যা দিয়ে ডাকসু বলেছে, অবিলম্বে এ ঘটনায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের শনাক্ত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে হামলার পূর্ববর্তী উসকানি ও হুমকির বিষয়টি তদন্ত করে এর নেপথ্যের পরিকল্পনাকারীদেরও আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মুসাদ্দিক ও তাঁর পরিবারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতার বিষয়টিও খতিয়ে দেখতে হবে।

এদিকে হামলার পর ফোন করে ডাকসু নেতা মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদের সার্বিক খোঁজখবর নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় মুসাদ্দিক নিজেই বিষয়টি জানিয়েছেন। তিনি বলেন, ‘আমার গ্রামের বাড়িতে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা। তিনি আমাকে ও আমার পরিবারের সদস্যদের ধৈর্য, সাহস ও দৃঢ়তার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার পরামর্শ দিয়েছেন এবং মহান আল্লাহর সাহায্য ও সহযোগিতা কামনা করে আমার জন্য দোয়া করেছেন। এ সময় তিনি আমার বাবা-মায়ের প্রতি সালাম ও শুভেচ্ছা জানান।’

More in Top News

View all

Latest news