সংবাদ বিজ্ঞপ্তি:
পিরোজপুরের নেছারাবাদে অবস্থিত উপমহাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্র ছারছীনা দরবার শরীফে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিল ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৬। ২৮ নভেম্বর শনিবার বাদ মাগরিব তিন দিনব্যাপী এ মাহফিলের ইফতেতাহ (উদ্বোধন) হয়ে ২৯, ৩০ নভেম্বর এবং ১ ডিসেম্বর, রবি, সোম ও মঙ্গলবার পর্যন্ত চলবে। ১ ডিসেম্বর মঙ্গলবার বাদ যোহর তিনদিনব্যাপী মাহফিলের আখেরী মুনাজাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
এ মাহফিলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওলামায়ে কেরাম, পীরভাই, মুহিব্বিন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সদস্য-কর্মীসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটবে বলে আশা করা হচ্ছে।
মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা মোঃ নজরুল ইসলাম জানান, ইতোমধ্যে মাহফিল উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষার কার্যে বাংলাদেশ পুলিশের টিম সার্বক্ষণিক এখানে দায়িত্বে থাকবেন, এছাড়াও এসআরবি, সাদা পোশাকের পুলিশ সহ ফায়ার সার্ভিসের ডুবুরী ও স্থল টিম, স্বাস্থ্য সেবার জন্য সার্বক্ষনিক আ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম ও দরবার শরীফের পক্ষ থেকে মাহফিলের সার্বিক প্রয়োজনীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতে হারানো মালের বুথ, গাড়ি পার্কিং, দোকান পাট নিয়ন্ত্রণ টিম সহ সংশ্লিষ্টরা কাজ করে যাচ্ছেন। এছাড়াও দরবারের সকল মুহিব্বিন ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কর্মীদের সর্বত্র মাইকিং ও ব্যাপক প্রচারের মাধ্যমে মাহফিলের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়া হয়েছে।
The post ছারছীনা দরবার শরীফে ১৩৬তম তিনদিনব্যাপী ঈছালে ছাওয়াব মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.