ঢাকা,২৯ নভেম্বর- জ্বালানি, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য আমদানিতে দুই থেকে তিন গুণ বেশি দাম দিতে হচ্ছে। এতে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থনীতি পুনরুদ্ধার ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রক্রিয়ায় আরও কিছুদিন প্রবৃদ্ধি কম থাকবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ মিলনায়তনে সাধারণ অর্থনীতি বিভাগের উদ্যোগে ‘ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক ফর রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার এখন অর্থনীতি পুনরুদ্ধারের পর্যায়ে রয়েছে। জ্বালানি, গ্যাস ও সারসহ বিভিন্ন পণ্য আমদানিতে দ্বিগুণ থেকে তিন গুণ বেশি দাম দিতে হচ্ছে। এতে সরকারের কোষাগারে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে শুরুতে প্রবৃদ্ধি কম থাকলেও চতুর্থ ও পঞ্চম বছরে অর্থনীতিকে গতিশীল করতে হবে।
তিনি বলেন, পাঁচ বছর মেয়াদি কৌশলগত কাঠামো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর হঠাৎ তৈরি হয়নি। এর ভিত্তি হলো ২০১৬ সালে প্রণীত বিএনপির ভিশন-২০৩০। পরে ২৭ দফা এবং বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ৩১ দফা প্রণয়নের মধ্য দিয়ে এই পরিকল্পনা আরও বিকশিত হয়েছে। এটি শুধু একটি রোডম্যাপ নয়, লক্ষ্য অর্জনের কৌশলও। এখন সংশ্লিষ্ট সবাইকে নিজেদের দায়িত্ব নির্ধারণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিকল্পনাটি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের বড় একটি লক্ষ্য। এ জন্য সরকারি ও বেসরকারি বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ এবং বাজেট বরাদ্দের পরিকল্পনা করতে হবে। প্রতিটি প্রকল্প নেওয়ার ক্ষেত্রে চারটি বিষয় নিশ্চিত করতে হবে—অর্থের সঠিক ব্যবহার, বিনিয়োগের বিপরীতে প্রাপ্তি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিবেশের ওপর প্রভাব।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, জ্বালানি ও গ্যাসের বাড়তি দামের কারণে আমদানিজনিত মূল্যস্ফীতি তৈরি হচ্ছে, যা নিয়ন্ত্রণের ক্ষমতা সরকারের সীমিত। তবে কর কমানোসহ বিভিন্ন পদক্ষেপের ফলে খাদ্য মূল্যস্ফীতি ৬ দশমিক ৪ থেকে ৬ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। এই হার আরও কমাতে হবে। অর্থনীতির প্রকৃত অবস্থা জনগণের সামনে তুলে ধরতে হবে। কোনো সূচকের অবস্থা খারাপ হলে তা স্বীকার করে এর কারণ এবং সংশোধনের পরিকল্পনাও জানাতে হবে।
ব্যাংক খাতের সংকট নিয়ে মন্ত্রী বলেন, এই খাতের বিপুল দায় একদিনে কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমানতকারীরা যেন সুদসহ তাঁদের টাকা ফেরত পান, সেই নিশ্চয়তা দেওয়া হয়েছে। কোনো টাকা কেটে রাখা হবে না। এর ফলে ব্যাংকে নিট আমানত বাড়ছে। পুঁজিবাজারেও সংস্কারের কারণে বিনিয়োগকারীদের আস্থা ফিরছে। তবে বাজারের গভীরতা বাড়াতে ভালো কোম্পানিগুলোকে তালিকাভুক্ত করতে হবে।
আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, প্রতিটি প্রকল্পের বাস্তব সুফল এবং বিনিয়োগের বিপরীতে কী পাওয়া যাচ্ছে, তা যাচাই করতে আলাদা মূল্যায়নব্যবস্থা চালু করা হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) সরকারের প্রভাবমুক্ত থেকে প্রকৃত তথ্য প্রকাশ করতে হবে।
পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি খাত, এনজিও, শিক্ষাবিদ ও পেশাজীবীদেরও যুক্ত করার আহ্বান জানান তিনি।
পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সচিব) ড. মনজুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
এস এম/ ২৯ নভেম্বর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জ্বালানি-গ্যাস-সার আমদানিতে দ্বিগুণ-তিনগুণ ব্যয়, প্রবৃদ্ধি কম থাকবে আরও কিছুদিন: অর্থমন্ত্রী first appeared on DesheBideshe.