বরগুনা প্রতিনিধি:
বরগুনা পৌর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশাল মিছিল করেছেন। এ সময় ঘটনাস্থলে পুলিশের একটি পিকআপ পৌঁছালে সেটিকে লক্ষ্য করে ‘চলে যান, আপনারা চলে যান’ বলে স্লোগান দেন মিছিলকারীরা। পরে পুলিশের গাড়িটি সেখান থেকে চলে যায়। তবে মিছিলকারীরা পুলিশের গাড়িতে কোনো আঘাত করেননি।
আজ শনিবার সন্ধ্যার পর বরগুনা জেলা স্কুলের সামনে থেকে মিছিলটি বের হয়। পরে শেখ রাসেল চত্বর, ফার্মেসি পট্টি এবং জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে দিয়ে নাথপট্টি লেকের সামনে গিয়ে শেষ হয়। এ সময় মিছিলকারীদের হাতে মশাল দেখা যায়।
এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সরকারবিরোধী নানা স্লোগান দিতে শোনা যায়।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল বের করার সত্যতা নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ।
মো. হাচনাইন পারভেজ বলেন, মিছিলটি বেশ বড় ছিল। পুলিশের গাড়িতে ওসিও (তদন্ত) ছিলেন। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত এবং গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে আওয়ামী লীগের মশাল মিছিলের আগে জেলা বিএনপির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়।
The post বরগুনায় আ.লীগের মশাল মিছিল, পুলিশের পিকআপ দেখে স্লোগান appeared first on Amader Barisal – First online Newspaper of Greater Barisal – Stay with Barisal 24×7.