গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করছেন আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে চান্দনা চৌরাস্তা এলাকায় বিভিন্ন কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও জয়দেবপুর সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করেন।
এ সময় শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে তাদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
কিছু সময় পর শ্রমিকরা আবার বিভিন্ন দিক থেকে জড়ো হন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। এ ঘটনায় ওই সড়ক ও মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কিছু কিছু স্থানে ধীরগতিতে যানবাহন চলাচল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, কোনাবাড়ী ও সফিপুরসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সরিয়ে দেন।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, চান্দনা চৌরাস্তা ও আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। তাদের সরিয়ে দিতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।