LATEST
বিশ্বে সত্যিই কি দক্ষিণপন্থার দুর্দিন শুরু হলো Redmi K100 Ultra: থাকতে পারে 10,000mAh ব্যাটারির সঙ্গে 50MP পেরিস্কোপ ক্যামেরা ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় এনজিও কর্মীর মৃত্যু Logan Bates guides Kumara Straight to New Zealand 2000 Guineas win ৪০ পোশাক কারখানা বন্ধ, ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রতিপক্ষ ফুটবলারের মৃত্যুর ঘটনায় এফসি আন্দোরার গোলরক্ষককে ১২ ম্যাচের নিষেধাজ্ঞা উরুগুয়ের সাথে হেরেও যা কিছু ‘পেয়েছেন’ আর্জেন্টিনা কোচ ৭৭ হাজার কোটি টাকার সাম্রাজ্য, রাম চরণের স্ত্রীর জীবন কেন আলাদা
Sports

মেসিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু হার দিয়ে

মেসিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু হার দিয়ে

লিওনেল মেসিকে ছাড়া নতুন পথচলা শুরুটা ভালো হলো না আর্জেন্টিনার। আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির বিদায়ের পর নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে বিশ্বচ্যাম্পিয়নরা। বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায় শুক্রবারের প্রীতি ম্যাচে বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে লিওনেল স্কালোনির দল। পরে হুলিয়ান আলভারেজ এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি স্বাগতিকেরা।

ম্যাচটি ছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ১৯৮তম রিও দে লা প্লাতা ডার্বি। মেসি না থাকলেও আক্রমণে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে আর্জেন্টিনা। বল দখল ও আক্রমণ গড়ায় এগিয়ে থাকলেও উরুগুয়ের জমাট রক্ষণ ভাঙতে পারেনি তারা। প্রথমার্ধে নিকো পাসের একটি ভালো সুযোগও ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক ক্রিস্টোফার ফিয়ারমারিন।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় উরুগুয়ে। ৪৮ মিনিটে জর্জিয়ান দে আরাসকায়েতার বাঁ দিক থেকে নেওয়া ফ্রি-কিক আর্জেন্টিনার রক্ষণে বিভ্রান্তি তৈরি করে। বল বিপদমুক্ত করতে গিয়ে লিসান্দ্রো মার্তিনেজের হেড সতীর্থ লিওনার্দো বালের্দির গায়ে লেগে জালে ঢুকে যায়। আত্মঘাতী গোলে ১-০তে এগিয়ে যায় সফরকারীরা।

এর পাঁচ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ম্যাক্সি আরাউহো। দে আরাসকায়েতার কর্নার থেকে আসা বল আরাউহোর গায়ে লেগে অদ্ভুতভাবে উঁচু হয়ে গোলরক্ষক জেরোনিমো রুলিকে পরাস্ত করে জালে জড়ায়। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে ২-০ গোলে পিছিয়ে গিয়ে চাপে পড়ে আর্জেন্টিনা।

৭৩ মিনিটে ব্যবধান কমান আলভারেজ। জিয়ানলুকা প্রেস্টিয়ানির বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান ২-১ করেন আতলেতিকো মাদ্রিদের এই ফরোয়ার্ড। যোগ করা সময়ে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। কিন্তু উরুগুয়ের গোলরক্ষক ও রক্ষণভাগের দৃঢ়তায় শেষ পর্যন্ত আর গোল আদায় করতে পারেনি আর্জেন্টিনা।

মেসির অনুপস্থিতি শুধু মাঠের খেলায় নয়, গ্যালারিতেও ছিল আলোচনায়। আর্জেন্টিনার ১০ নম্বর জার্সিটি এদিন কাউকে দেওয়া হয়নি। কোচ স্কালোনি জানিয়েছেন, মেসির উত্তরসূরি হিসেবে এখনই কাউকে বেছে নিতে চান না তিনি। সাধারণত কানায় কানায় পূর্ণ থাকা লা বোম্বোনেরায় এদিন দর্শক উপস্থিতিও ছিল প্রত্যাশার চেয়ে কম।

গত মাসে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলেন মেসি। ২০৭ ম্যাচে ১২৫ গোলের কীর্তি নিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। তাঁর বিদায়ের পর স্কালোনির দল এখন নতুন নেতৃত্ব ও আক্রমণভাগের সমন্বয় খুঁজছে। চলতি সপ্তাহেই ২০৩০ সাল পর্যন্ত আর্জেন্টিনার কোচ হিসেবে চুক্তি নবায়ন করেছেন স্কালোনি।

The post মেসিহীন আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু হার দিয়ে first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

More in Sports

View all

Latest news