বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই পেটের মেদ বাড়তে থাকে। বিশেষ করে ৩৫ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে এ সমস্যা বেশি দেখা যায়। ওজন কমাতে খাবার নিয়ন্ত্রণ, নিয়মিত ব্যায়ামসহ নানা চেষ্টা করেও অনেক সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এর পেছনে অপর্যাপ্ত ঘুম, রক্তে শর্করার ওঠানামা ও মানসিক চাপের মতো কারণ ভূমিকা রাখতে পারে।
পুষ্টিবিদ রাশি চৌধুরীর মতে, ঘুমের সমস্যা, রক্তে শর্করার ভারসাম্যহীনতা ও পেটের মেদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে। এর সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ হরমোন হলো কর্টিসল। দীর্ঘদিন মানসিক চাপ বা অপর্যাপ্ত ঘুমের কারণে শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যেতে পারে। এতে রক্তে শর্করার মাত্রা ও ক্ষুধার ওপর প্রভাব পড়ে, যা ওজন নিয়ন্ত্রণকে কঠিন করে তুলতে পারে।
এমন পরিস্থিতিতে শুধু কম খাওয়া বা কঠোর ব্যায়াম নয়, বরং দৈনন্দিন কিছু অভ্যাসে পরিবর্তন আনাও জরুরি। এনডিটিভির এক প্রতিবেদনে পুষ্টিবিদ রাশি চৌধুরী পেটের মেদ নিয়ন্ত্রণে চারটি অভ্যাসের কথা জানিয়েছেন।
১. সকালের নাশতায় রাখুন প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি
দিনের শুরুতে শুধু কার্বোহাইড্রেটসমৃদ্ধ খাবারের ওপর নির্ভর না করে নাশতায় প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি রাখুন। ডিম, বাদাম, দই কিংবা অন্যান্য প্রোটিনসমৃদ্ধ খাবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সহায়তা করে। এতে বারবার ক্ষুধা লাগার প্রবণতা কমতে পারে এবং সারাদিন খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা সহজ হয়।
২. খাবারের পর ১০-১৫ মিনিট হাঁটুন
খাওয়ার পরপরই শুয়ে বা বসে না থেকে ১০ থেকে ১৫ মিনিট হালকা হাঁটাহাঁটি করুন। এতে খাবারের পর রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করতে পারে। বিশেষ করে খাবারের পর হালকা হাঁটা শরীরের গ্লুকোজ ব্যবহারের প্রক্রিয়াকে সক্রিয় করে।
৩. প্রতিদিন সকালের রোদে কিছুক্ষণ থাকুন
সকালের প্রাকৃতিক আলোর সংস্পর্শে থাকা শরীরের সার্কাডিয়ান রিদম বা ঘুম ও জেগে থাকার স্বাভাবিক চক্র ঠিক রাখতে সহায়তা করে। এতে রাতে ঘুমের সময় ও মান উন্নত হতে পারে। পর্যাপ্ত ঘুম শরীরের হরমোনের ভারসাম্য এবং ওজন নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৪. ব্যায়ামে অতিরিক্ত চাপ নেবেন না
পেটের মেদ কমাতে গিয়ে অনেকেই অতিরিক্ত কঠোর ব্যায়াম শুরু করেন। কিন্তু পর্যাপ্ত বিশ্রাম ছাড়া অতিরিক্ত ব্যায়াম শরীরের ওপর বাড়তি চাপ তৈরি করতে পারে। বিশেষ করে ঘুমের ঘাটতি ও মানসিক চাপ থাকলে শরীরকে বিশ্রাম দেওয়াও জরুরি।
তাই শুরুতেই কঠিন ব্যায়াম না করে হাঁটা, হালকা দৌড়, যোগব্যায়াম কিংবা নিজের সামর্থ্য অনুযায়ী শরীরচর্চা করুন। পাশাপাশি পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিশ্চিত করুন।
পেটের মেদ কমাতে যা মনে রাখবেন
পেটের মেদ কমানো শুধু কম খাওয়া কিংবা বেশি ব্যায়ামের বিষয় নয়। পর্যাপ্ত ঘুম, সুষম খাবার, নিয়মিত হাঁটাহাঁটি এবং মানসিক চাপ নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ।
ধান কাটা, ঢেঁকিতে চাল ভানা ও পিঠা-পায়েসে মানিকগঞ্জে নবান্ন উৎসবে বিদেশিরাও
তবে শুধু কর্টিসলই পেটের মেদ বাড়ার একমাত্র কারণ নয়। বয়স, হরমোন, খাদ্যাভ্যাস, শারীরিক সক্রিয়তা ও অন্যান্য স্বাস্থ্যগত বিষয়ও এতে ভূমিকা রাখতে পারে। তাই ধৈর্য ধরে স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখাই ওজন নিয়ন্ত্রণের কার্যকর উপায়।
The post শতচেষ্টায়ও পেটের মেদ কমছে না? ৪ উপায়ে মিলবে স্বস্তি appeared first on ZoomBangla.