বিতর্কিত কোনো ব্যক্তি বা পলাতক কোনো আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন।
আজ সোমবার সকালে ময়মনসিংহে বিজিবির সেক্টর সদর দপ্তরের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্নেল নাসির উদ্দিন এ কথা বলেন। এ সময় সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা এবং চোরাচালান ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন বলেন, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা।
সীমান্তে অবৈধ তৎপরতা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি বলেন, ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সীমান্তে নজরদারিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের তথ্য তুলে ধরে কর্নেল নাসির উদ্দিন বলেন, বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি (অল-টেরেন ভেহিকেল) ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি বর্ডার আউটপোস্টের (বিওপি) নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।
ময়মনসিংহের হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় ভারতে পলাতক লোকজনের তৎপরতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবির এই সেক্টর কমান্ডার বলেন, এ বিষয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ে তৎপরতার মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এখন পর্যন্ত ওই সব এলাকায় সন্দেহজনক কোনো তৎপরতা নজরে আসেনি।
তবে কর্নেল নাসির উদ্দিন বলেন, কোনো তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশ ইনের (ঠেলে পাঠানো) চেষ্টা প্রতিরোধ করা হয়েছে বলে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিতর্কিত কেউ যাতে প্রবেশ করতে না পারে, সে জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে
মাদকবিরোধী অভিযানের তথ্য তুলে ধরে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার বলেন, এই সময়ে সীমান্ত এলাকায় মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।
সীমান্ত নিরাপত্তায় স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়ে কর্নেল নাসির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কাউকে চলাফেরা করতে দেখলে কিংবা কেউ অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করলে দ্রুত বিজিবিকে জানাবেন।