১১ বছরের প্রেমের সম্পর্কের পর প্রবাসীর ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও, অভিযোগ জমিলার বিরুদ্ধে? বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দীর্ঘ ১১ বছরের প্রেমের সম্পর্কের পর এক অস্ট্রেলিয়া প্রবাসীর পাঠানো প্রায় ৬০ লাখ টাকা, বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে অন্য এক ব্যক্তির সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জমিলা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে।
অভিযোগকারীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে তার কাছ থেকে অর্থ ও স্বর্ণালংকার নেওয়ার পর গত বছর কক্সবাজারের বিবাহিত ব্যক্তি মোহাম্মদ মফিজের সঙ্গে চলে যান জমিলা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী প্রবাসী জানান, প্রায় ১১ বছর আগে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঠান্ডাঝিরি গ্রামের কামাল হোসেনের মেয়ে জমিলা খাতুনের সঙ্গে পারিবারিকভাবে তাদের বিয়ের কথা চূড়ান্ত হয়। তিনি প্রবাসে থাকায় দেশে ফিরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছিল। এরপর থেকেই তাদের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
সম্পর্কের ভবিষ্যৎ বিবেচনায় জমিলা খাতুনকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার জন্য তার পাসপোর্ট তৈরি ও ভিসা প্রক্রিয়াও শুরু করেন বলে দাবি করেন ওই প্রবাসী।
তার অভিযোগ, দীর্ঘদিনের সম্পর্ক ও বিয়ের আশ্বাসকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে জমিলা খাতুনকে বিপুল পরিমাণ অর্থ পাঠিয়েছেন তিনি। ব্যাংক হিসাব ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পাঠানো অর্থের পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা। এসব লেনদেনের পক্ষে ব্যাংক স্টেটমেন্ট, মোবাইল ব্যাংকিংয়ের তথ্যসহ প্রয়োজনীয় নথিপত্র তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।
শুধু অর্থই নয়, জমিলা খাতুনের জন্য বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও প্রয়োজনীয় সামগ্রীও পাঠিয়েছেন বলে জানান ওই প্রবাসী।
তার ভাষ্য অনুযায়ী, পাঠানো অর্থে জমিলা নিজ এলাকায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে একটি দোতলা পাকা বাড়ি নির্মাণ করেন। এ ছাড়া তার এক ভাইয়ের চাকরির ব্যবস্থা এবং আরেক ভাইকে কারাগার থেকে মুক্ত করতে আর্থিক সহায়তাও দেন তিনি।
প্রবাসীর অভিযোগ, তিনি বিদেশে অবস্থান করার সুযোগে জমিলা খাতুন কক্সবাজারের বাসিন্দা বিবাহিত মোহাম্মদ মফিজের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে প্রবাসীর কাছ থেকে অর্থ নেওয়া অব্যাহত রাখেন। পরে গত ২৮ মার্চ ২০২৫ সালে জমিলা খাতুন ওই ব্যক্তির সঙ্গে পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
দীর্ঘ ১১ বছরের সম্পর্কের এমন পরিণতি এবং নিজের কষ্টার্জিত বিপুল পরিমাণ অর্থ হারিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানান ওই প্রবাসী। তিনি জমিলা খাতুনের সন্ধান, পাঠানো অর্থ ও স্বর্ণালংকার ফেরত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে, অভিযোগের বিষয়ে জমিলা খাতুন ও মোহাম্মদ মফিজের বক্তব্য জানতে তাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। ফলে এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগের সত্যতা, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
The post ১১ বছরের প্রেম, প্রবাসীর ৬০ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ appeared first on ZoomBangla.