বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায় | চ্যানেল আই অনলাইন

বিলুপ্ত হচ্ছে র‍্যাব, কী আছে সরকারের পরিকল্পনায় | চ্যানেল আই অনলাইন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ১৭তম বৈঠকে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটি অনুমোদন করা হয়েছে।

পরে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খসড়া আইনে বিদ্যমান র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয়েছে। নতুন এই ইউনিটের কার্যক্রম পরিচালনা ও দায়িত্ব পালনের জন্য পৃথক আইনগত কাঠামোও নির্ধারণ করা হবে।

প্রস্তাবিত আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ বা সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

এ ছাড়া র‍্যাবের বর্তমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, সুযোগ-সুবিধা, তহবিল, সম্পত্তি, হিসাব ও রেকর্ডসহ সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, এসআরবির নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত র‍্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ কার্যকর থাকবে।

আইনটি কার্যকর হলে র‍্যাবের বর্তমান কাঠামো বিলুপ্ত হবে এবং এর জনবল ও সংশ্লিষ্ট সম্পদ নতুন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের কাঠামোর অধীনে স্থানান্তরের সুযোগ তৈরি হবে।