বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে সাড়ে সাত কোটি টাকা মূল্যের ইয়াবা লুটের ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলিতে আহত মো. শাহজাহান (৩৪) মারা গেছেন।
শনিবার (২৮ নভেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের তুলাতলী গ্রামের মো. ইলিয়াসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪৮ নম্বর পিলারসংলগ্ন এলাকায় ইয়াবা লুটকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে চারজন গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে দুজন বাংলাদেশি ও বাকি দুজন রোহিঙ্গা যুবক বলে জানা গেছে। শাহজাহান ছাড়া অপর আহতদের পরিচয় ও অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রের দাবি, তাঁদের গোপন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দা নুরুল আলম ও ইমাম হোসেনসহ এলাকার লোকজনের দাবি, মিয়ানমার থেকে আনা ৬০ কার্টন বা প্রায় ছয় লাখ ইয়াবা ট্যাবলেট ছিনিয়ে নেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
তাঁদের হিসাব অনুযায়ী, লুট হওয়া ওই ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে সাত কোটি টাকা।
স্থানীয় সূত্রের বর্ণনা অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় চারজন রোহিঙ্গাসহ আট যুবক মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে সীমান্তের ৪৮ নম্বর পিলারসংলগ্ন টেশ্বল বুনিয়া পাহাড় হয়ে ফুলারঝিরি এলাকার দিকে আসছিলেন। রাত ৮টার দিকে স্থানীয় রুবেল ও সোহেলের নেতৃত্বে ১০-১২ জনের একটি সশস্ত্র দল তাঁদের পথরোধ করে চালানটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা এবং পরে গোলাগুলি শুরু হয় বলে অভিযোগ রয়েছে।
একপর্যায়ে ইয়াবা বহনকারী যুবকেরা চালানটি ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে চালানটি অপর পক্ষের নিয়ন্ত্রণে চলে যায় বলে স্থানীয়দের দাবি। তবে এ ঘটনায় কারা সরাসরি জড়িত, তা এখনো সঠিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের আরও অভিযোগ, লুট হওয়া ইয়াবার একটি অংশ ফুলতলী এলাকার কয়েকজন মাদক কারবারির কাছে রয়েছে। ঘটনার পর থেকে সংশ্লিষ্ট সন্দেহভাজন ব্যক্তিরা আত্মগোপনে চলে গেছেন বলে দাবি করেছেন তাঁরা।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ও দুপুরে সরেজমিনে গিয়ে ঘটনার বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চাননি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে।
স্থানীয় ইউপি সদস্য শামশুল আলম গোলাগুলির ঘটনার সত্যতা স্বীকার করলেও কারা এতে অংশ নিয়েছেন কিংবা কারা আহত হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত বলতে রাজি হননি।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক শাহজাহানের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকেই পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে।