সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। টানা দুম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লাল-সবুজের দল। সেমিতে স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে দলটির মিডফিল্ডার আদিল নবী বললেন, সব চাপ সামলে ম্যাচ জেতার কথা। ঢাকা জাতীয় স্টেডিয়ামে শনিবার রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশের বিপক্ষে পরীক্ষা পাকিস্তানের। শুক্রবার সকালে অনুশীলন করেছে অতিথিরা। সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ৩২ বর্ষী পাকিস্তানি মিডফিল্ডার। বাংলাদেশের আবহাওয়ায় মানিয়ে নেয়া কঠিন কিনা এমন প্রশ্নে মিডফিল্ডার নবী বললেন, ‘আপনার তেমন মনে হতে পারে, কিন্তু না। কারণ আমাদের অনেকেই গরম প্রধান দেশে খেলে। যেমন আমি নিজে গ্রিসে খেলি। সেখানে প্রচণ্ড গরম। অন্য খেলোয়াড়রাও বিভিন্ন দেশে খেলে। আজারবাইজান, সুইডেন ইত্যাদি। তাই আমরা রোদ পছন্দ করি। আমরা ফুটবল খেলব এবং সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ সাফের সেমিতে চাপে থাকা নিয়ে নবী বলেছেন, ‘কোন চাপ নেই। এটি কেবল একটি ফুটবল খেলা। আমরা কিছু মনে করি না। ফুটবল মানেই চাপ। আর এই কারণে আমরা ফুটবল খেলি। কারণ এটি চাপের পরিস্থিতি তৈরি করে। লক্ষ্য হল জেতা। হারলে তো এটি কেবলই একটি ফুটবল খেলা। আর জিতলে দারুণ ব্যাপার। চাপ থাকাটা ভালো জিনিস।’
হারলে কেবল একটি ফুটবল খেলা, জিতলে দারুণ ব্যাপার: আদিল নবী
The Right to Talk | https://righttotalk.com/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b0%e0%a6%b2%e0%a7%87-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%8f%e0%a6%95%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2/