ওয়াশিংটন, ১৫ নভেম্বর-টানা দুই দিনের বিপর্যয়ের পর রোববার (১৫ নভেম্বর) দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে দেশটির ফেডারেল বিমান চলাচল কর্তৃপক্ষ। দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখার নির্দেশের পর হাজার হাজার ফ্লাইট বাতিল ও দেরিতে চলায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
রোববার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস।
শনিবার (১৪ নভেম্বর) কর্তৃপক্ষের প্রধান ব্রায়ান বেডফোর্ড জানান, যুক্তরাষ্ট্রে পরিস্থিতির সবচেয়ে খারাপ সময় ইতোমধ্যে পার হয়ে গেছে। রোববার (১৫ নভেম্বর) দিনের শেষ নাগাদ ফ্লাইট চলাচল স্বাভাবিক সূচিতে ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।
পুরোনো তামার তারের বদলে আধুনিক তার স্থাপনের সময় যোগাযোগব্যবস্থায় ত্রুটি দেখা দিলে এ বিপর্যয়ের শুরু হয়। পরিবহনমন্ত্রী শন ডাফি জানান, ঠিকাদারি প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কাজের সময় ব্যবস্থায় অতিরিক্ত চাপ তৈরি হয়েছিল। এতে বিমান নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর যোগাযোগ ও রাডার ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। ফলে চার ঘণ্টার বেশি সময় ধরে দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখতে হয়।
শুধু শনিবারই (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ৬ হাজারের বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের অনেকে হোটেল, বাস ও ট্রেনে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন। আবার কেউ কেউ বিমানবন্দরেই রাত কাটান।
কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের পুরোনো বিমান নিয়ন্ত্রণব্যবস্থা আধুনিক করতে ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার বরাদ্দ দেওয়া হয়েছে। তবে কাজ শেষ করতে আরও ৩০ বিলিয়ন ডলার প্রয়োজন বলে জানিয়েছে পরিবহন বিভাগ। কর্তৃপক্ষের দাবি, প্রযুক্তিগত সমস্যা দেখা দিলেও আকাশে থাকা কোনো যাত্রীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েনি।
এস এম/ ১৫ নভেম্বর ২০২৬
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::দুই দিনের বিপর্যয়ের পর রোববারের মধ্যে যুক্তরাষ্ট্রে বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা first appeared on DesheBideshe.